২০২৬ সালে সাপ্তাহিক ছুটিসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালে উৎসব ও জাতীয় দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার) এবং বিশেষ ব্যাংক হলিডে হিসেবে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না।
২০২৬ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে- ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৬-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না।
তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে চলতি বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন