চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, বছর ব্যবধানে যা বেড়েছে ২৩ শতাংশ।
এর আগে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন বছরের প্রথম মাসে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ে তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন