বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ (১৯ মার্চ) সীমিত পরিসরে লেনদেন করছে। গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে।
এ সিদ্ধান্তের আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম-এ অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শুরু হয়েছে ঈদের নির্ধারিত ছুটি। সাধারণ ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


