চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ এক বছর সাত মাস বিরতির পর আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে ফ্লাই দুবাই। বুধবার (১ এপ্রিল) থেকে চট্টগ্রাম-দুবাই রুটে প্রতিদিন নিয়মিত একটি করে আগমন ও বহির্গমন ফ্লাইট চালু করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে একই রুটে চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্ট এই রুটে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পরিচালিত হয়েছিল।
ফ্লাই দুবাইয়ের পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন সংযোজন হিসেবে প্রতি সপ্তাহে আগমন ও বহির্গমন মিলিয়ে মোট ১৪টি ফ্লাইট বৃদ্ধি পেয়েছে।

