ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।

এ ছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য কার্যকর হওয়ায় আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করায় জ্বালানি বাজারে স্বচ্ছতা বাড়বে এবং মজুত প্রবণতা কমবে।

এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১১২ টাকা, ১১৬ টাকা ও ১২০ টাকায় স্থির ছিল। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও এই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।