রাজধানীর বনানী এলাকায় মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে ভাইয়া গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান আলি আরা ফাউন্ডেশন। বনানীর ই-ব্লকের ১০ নম্বর রোডসংলগ্ন এসএন ভিলার সামনে পথচারী ও সাধারণ মানুষের জন্য এ আয়োজন করা হয়েছে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত সড়কে ইফতার নিতে মানুষের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।
আয়োজকরা জানান, প্রতিদিন নির্ধারিত সময়ে খেজুর, সরবত, পানি ও এক প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হচ্ছে। রিকশাচালক, ডেলিভারিকর্মী, দিনমজুরসহ আশপাশের নিম্ন আয়ের মানুষ ও পথচারীরা এতে অংশ নিচ্ছেন। অনেকে কর্মস্থল থেকে ফেরার পথে সরাসরি এসে ইফতার সংগ্রহ করছেন, ফলে সময়মতো রোজা ভাঙতে পারছেন।
আলি আরা ফাউন্ডেশন-এর কর্মকর্তা ও ভাইয়া গ্রুপের এইচআর অ্যাডমিন মাহফুজুর রহমান বলেন, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। প্রতিদিন অন্তত ৫০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজন হলে এ সংখ্যা বাড়ানো হবে।
ইফতার নিতে আসা কয়েকজন জানান, এমন উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক। এক পথচারী বলেন, চলতি পথে থাকা মানুষের জন্য এ আয়োজন সময়মতো ইফতার নিশ্চিত করছে।
একজন রিকশাচালক বলেন, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। আলাদা করে ইফতার কেনা সব সময় সম্ভব হয় না। এখানে এসে ইফতার পেয়ে তিনি উপকৃত হয়েছেন।
স্থানীয়দের মতে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজনে অংশ নেওয়া অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন