বেসরকারি শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি কিছুক্ষণের মধ্যে এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এনটিআরসিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ—স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা—নিম্নলিখিত শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের ই-অ্যাপ্লিকেশন (e-Application) করার জন্য আহ্বান জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত:
-
স্কুল ও কলেজ: ২৯,৫৭১টি
-
মাদ্রাসা: ৩৬,৮০৪টি
-
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা: ৮৩৩টি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, e-Application ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সীমা ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬, রাত ১২টা পর্যন্ত।
আবেদন সংক্রান্ত শর্তাবলি:
-
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ০৪ জুন ২০২৫ তারিখে ৩৫ বছর হতে পারবে।
-
শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ৩ বছর।
-
শিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ নির্দেশনা অনুযায়ী, কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদন করতে পারবেন না।
শূন্যপদ ও অন্যান্য তথ্য:
পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষকের নিয়োগ লক্ষ্য করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর আওতায় প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল।


