বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালট বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা ওই নির্দেশনায় যে সব শিক্ষকরা পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতায় ভুগছেন তা নিরসনে নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এ লক্ষ্যে চারটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারদের কল সেন্টারের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহে সাত দিন খোলা থাকবে। চলতে থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত।
হটলাইন নম্বর- +৮৮০৯৬১০০০০১০৫, হোয়াটসঅ্যাপ- +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩-৩২, +৮৮০১৭৭৭৭৭০৫৬২।
দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অনেক আগে থেকে চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ইসি। নিয়ম অনুযায়ী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দিরা এ ব্যবস্থায় ভোট দিতে পারেন। গত ৫ জানুয়ারি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শেষ হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন। তারা ২১ থেকে ২৫ জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন