রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষায় পকেট রাউটার ও মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ। তিনি রংপুরের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বেলা ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা বেরোবি কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিকালে জিএম সারোয়ার আহমেদের কাছে একটি পকেট রাউটার ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. রাশেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢোকার সময় রাউটার ও মোবাইল ফোনসহ একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তার অভিভাবকদের ডাকা হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানান, পরীক্ষার গেটে মেটাল ডিটেক্টরে ধরা পড়ার সময় দেখা যায়, পরীক্ষার্থী বগলের নিচে জ্যাকেটের তলে এবং পকেটে মোবাইল ও রাউটার লুকিয়ে রেখেছিলেন। তার অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্য থাকতে পারে। বিষয়টি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরে এক প্রেস ব্রিফিংয়ে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।
ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে তিনি বলেন, অযাচিত ডিভাইস নিয়ে প্রবেশের সময় একজনকে আটক করা হয়েছে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব। এ ছাড়া পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এখানকার পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। সুষ্ঠু আয়োজনের জন্য বেরোবি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাবির ‘সি’ ইউনিট এবং শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়।


