ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে আরও ৩ কোটি টাকার বেশি বরাদ্দ পেল যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:০১ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কারের জন্য সরকার নতুনভাবে আরও ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

এই অর্থ ৭৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিচালন ব্যয়ের আওতায় ‘অন্যান্য ভবন ও স্থাপনা (৩২৫৮১০৮)’ কোডের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসাররা এই টাকা উত্তোলন ও ব্যয় করার দায়িত্ব পাবেন।

চিঠিতে বলা হয়েছে, এই বরাদ্দ অর্থ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ২০৪ কোটি টাকা থেকে মিটানো হবে। টাকা ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান ও মন্ত্রণালয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যর্থতার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বর্তাবে।

এ ছাড়া, বরাদ্দকৃত অর্থ দিয়ে কাজ শেষ করার পর ভ্যাটের প্রমাণক সংরক্ষণ, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও সংস্কারের কাজ সম্পন্ন করা, এবং ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো বাধ্যতামূলক। অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটি (এসএমসি) কার্যক্রমে জড়িত থাকবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক এবং উপজেলা প্রকৌশলী তদারকির মাধ্যমে মানসম্মতভাবে কাজ সম্পন্ন নিশ্চিত করবেন।

এর আগে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ৯৪৭টি বেসরকারি স্কুল ও কলেজে মোট ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ভোটগ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় করা হবে বলে জানানো হয়।