ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রমজানের ছুটিতে ক্লাস-পরীক্ষা চলবে যে শিক্ষাপ্রতিষ্ঠানে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি- সংগৃহীত

পবিত্র রমজান, আসন্ন ঈদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসসহ বেশ কয়েকটি বিশেষ দিবসকে সামনে রেখে দেশের সব  শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটির মাঝেও শিক্ষার্থীদের সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ দিন শব-ই-কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিসসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন, সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে এই ছুটি এবং অনলাইন ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো বিভাগ চাইলে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে, এবং অনলাইনে ক্লাস পরিচালনা করা যাবে। তবে শারীরিক উপস্থিতিতে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।