ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরীক্ষা না নিয়ে আন্দোলন, কঠোর শাস্তি পাচ্ছেন যে শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:৪০ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার দায়িত্ব পালন না করে আন্দোলনে অংশ নেওয়াকে সহ্য করা হবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। 

গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। চিঠিতে সই করেছেন যুগ্ম সচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন সময়ে পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু শিক্ষকের কর্মবিরতি বা আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসারদের প্রতি নির্দেশ দিয়েছেন।

চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, ইতোমধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তার বিবরণ এবং কতজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তথ্য দপ্তরকে জানানো হোক।

জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু করেছিলেন। এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও অনেক শিক্ষক বর্জন করেন।

এর ফলে অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে ২ ডিসেম্বর রাতে শিক্ষকরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশের পর জেলা পর্যায়ে শিক্ষকরা কী ধরনের শাস্তির মুখোমুখি হবেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।