ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘শহীদ জিয়াউর রহমান’ কলেজের স্থগিত এমপিও পুনরায় চালু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি- সংগৃহীত

শহীদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থগিত থাকা এমপিও পুনরায় চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি হলো শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, যা ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৯ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১০ ফেব্রুয়ারির চিঠির পরিপ্রেক্ষিতে কলেজটির স্থগিত এমপিও পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজটির এমপিও কোড বি-৪০০৯০৮৭২০১।

প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ মোট ১০ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন বলে আদেশে জানানো হয়েছে।