এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ প্রস্তাবের ভিত্তিতে উৎসব ভাতা ৬০ শতাংশ করার জন্য অর্থমন্ত্রীর কাছে ডিও (DO) লেটার পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মান উন্নয়ন করা সরকারের দায়িত্ব। তবে গত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য অবকাঠামো খাতে বেশি অর্থ ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট তুলনামূলকভাবে সংকুচিত হয়েছে। এর ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে।
ডিও লেটারে বলা হয়, শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং তারা আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এজন্য সরকার শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা করছে।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন। তারা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছর থেকে এই ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
উৎসব ভাতা অতিরিক্ত ১০ শতাংশ বাড়ানো হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বছরে অতিরিক্ত ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা প্রয়োজন হবে। অর্থাৎ মোট অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৮৫ কোটি ৮০ লাখ টাকা।
চিঠিতে বলা হয়েছে, উৎসব ভাতা বাড়ানো হলে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাই ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে উল্লিখিত দুই বিভাগের অনুকূলে অতিরিক্ত ২৮৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন