ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের জন্য সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:১৬ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ছবি : সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত যেসকল শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি তাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কাম্য শিক্ষার্থী বা প্রতিষ্ঠান সংক্রান্ত জটিলতার কারণে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকরাদের অন্য প্রতিষ্ঠানে সুপারিশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সাইয়েদ এ জেড মোরশেদ, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপপরিচালক ইউনুছ ফারুকীসহ আরও কয়েক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেও নানা কারণে অনেক শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি। চলতি মার্চ মাস থেকে আমরা মাঠ পর্যায় থেকে তাদের ডাটা সংগ্রহের কার্যক্রম শুরু করব। এ কার্যক্রম সংগ্রহের পর কারা কী কারণে এমপিওভুক্ত হতে পারেননি, তাদের তথ্য আমরা বের করব। এই কার্যক্রম শেষ প্রতিষ্ঠানের দোষে যারা এমপিওভুক্ত হতে পারেননি তাদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করবে এনটিআরসিএ।

এই শিক্ষকদের কোথায় সুপারিশ করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, তার নিজ জেলায় সুপারিশের চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে নিকটবর্তী কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। বিষয়টি এনটিআরসিএ করবে বলেও জানান তিনি।