শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় কম্পিউটারাইজড পদ্ধতিতে কিছু সংরক্ষণ ব্যবস্থা যুক্ত করার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলি প্রক্রিয়ায় কীভাবে অ্যালোকেশনের মাধ্যমে আংশিক বাইরে থেকে এবং অধিকাংশ শিক্ষক স্থানীয় এলাকা থেকে রাখা যায়, সে বিষয়ে কম্পিউটার প্রোগ্রামে পরিবর্তন আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ এলাকার বাইরে বদলি হওয়ার কোনো নিয়ম ছিল না। পরে আগের সরকার বদলি প্রক্রিয়াকে কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ে আসে এবং সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষক বদলি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, সাভার যেহেতু ঢাকার অংশ, তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক শিক্ষক সুযোগ পেলেই ঢাকা শহর বা জেলা শহরে বদলি হতে আগ্রহ দেখান। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বদলি ব্যবস্থাকে আরও সুষম ও কার্যকর করতে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়টি সরকার পর্যালোচনা করছে।


