ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারে অর্ন্তভুক্ত করে বদলির আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ জন্য বদলির সফওয়্যারেও আপডেট আনা হবে। আর সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, নতুন এই সিদ্ধান্তের আওতায় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য কর্মচারীরাও নিয়মিত বদলি প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এ জন্য সফটওয়্যারে সংশোধন আনতে হবে। একই সঙ্গে সংশোধিত বদলি নীতিমালাও জারি করতে হবে। আর নীতিমালা জারির পরই টেলিটকের সঙ্গে সফটওয়্যার সংশোধন নিয়ে চুক্তি হবে।

সঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শিগগিরিই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।