ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি- সংগৃহীত

শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও একটি সরকারি কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং সহপাঠ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব আবদুল খালেক।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে শিক্ষা সচিব বিদ্যুতের অপচয় রোধ, এসির ব্যবহার কমানো এবং অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দপ্তরের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।

পরে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহপাঠ ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে জানতে চান।

পরিদর্শন শেষে শিক্ষা সচিব বলেন, আকস্মিক এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক ও দক্ষতা উন্নয়নের অবস্থা পর্যবেক্ষণ করা। তিনি কলেজের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের প্রশংসা করলেও সহপাঠ কার্যক্রমে কিছু ঘাটতির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সৃজনশীল কাজ একজন শিক্ষার্থীকে দক্ষ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা দেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতি মাসে অন্তত একবার তিনি নিজে অথবা তার প্রতিনিধি পরিদর্শনে আসবেন। এতে নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।