ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ফের নিয়োগ পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি : সংগৃহীত

সারা দেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের অস্থায়ীভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের সমন্বয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শক্রমে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী ওই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে বহন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।