ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্লাস ফাঁকি বা পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

পড়াশোনা বন্ধ করা বা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে অংশ না নেন, কিংবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ান, তাহলে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে।

দূতাবাস আরও সতর্ক করে বলেছে, এ ধরনের অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলে তা নাকচ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে শিক্ষার্থীদের ভিসার সব শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।