এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ২৪ এপ্রিলের মধ্যেই এ বিল সাবমিট করতে হবে। বুধবার (২২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানোর প্রক্রিয়ায় ২০২৫ সালের আগস্ট মাস থেকে অনলাইন বিল সাবমিশন ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস)-এর এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন নির্ধারণ করে আলাদাভাবে বিল দাখিল করবেন। এই তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়।
এছাড়া, এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী মারা গেলে বা চাকরি ছেড়ে দিলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা অনুযায়ী বিল জমা দিতে হবে। একইভাবে, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন আংশিক বা সম্পূর্ণ বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। যেসব ক্ষেত্রে নিয়মিত বেতন প্রাপ্য নয় কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, সেখানে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করে বিল জমা দিতে হবে।
মাউশি জানিয়েছে, ইএফটির মাধ্যমে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্য প্রদান করলে বেতন পাঠাতে সমস্যা বা অতিরিক্ত অর্থ প্রেরণের দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এদিকে, শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্যে ত্রুটি রয়েছে, তা সংশোধন ও যাচাইয়ের পর ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


