একসঙ্গে একশ শিক্ষার্থীর বৃত্তি অর্জন! এমন অভূতপূর্ব এক গৌরবময় সাফল্য উদযাপনে আনন্দের জোয়ার বইছে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রাঙ্গণে। কৃতী শিক্ষার্থীদের পদচারণায় আর মিষ্টিমুখের আয়োজনে পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ ফলাফল করেছে এই প্রতিষ্ঠানটি। মোট একশ শিক্ষার্থীর বৃত্তি অর্জনের তালিকায় ট্যালেন্টপুলে জায়গা করে নিয়েছে ৩৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৫২ জন। এ ছাড়া ইংরেজি মাধ্যম থেকেও ৪ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
শহীদ পুলিশ স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলেই এসেছে এই দুর্দান্ত সাফল্য। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন শুধু শহীদ পুলিশ স্মৃতি কলেজের নয়, পুরো শিক্ষা অঙ্গনের জন্যই এক গর্বের বিষয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রাথমিক বৃত্তি পরীক্ষার এই গৌরবময় ও অনন্য সাফল্য শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা জোগাবে, যা তাদের আগামী দিনের উচ্চশিক্ষা ও মেধা বিকাশের পথকে আরও মসৃণ, আত্মবিশ্বাসী এবং দারুণভাবে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন