রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দ্য ট্রেইলব্লেজার্স আয়োজিত দুই দিনব্যাপী ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘ক্রিয়েটএক্স ২.০’ জমে উঠেছে। কনটেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে তরুণদের জন্য আয়োজিত এ প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এখানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের সুনামধন্য জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ।
বিইউবিটি টেইফের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অ্যাড মেকিং, স্টোরিটেলিং এবং সেল মি দিস বিভাগে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা, বিপণন ভাবনা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরছেন। বাস্তবধর্মী চ্যালেঞ্জভিত্তিক এ আয়োজন তরুণদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, ‘ক্রিয়েটএক্স ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতা, বিপণনকর্মী ও উদ্ভাবনী চিন্তার তরুণদের জন্য শেখা, প্রতিভা প্রকাশ এবং নেটওয়ার্ক গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
প্রথম দিনের সফল আয়োজনের পর কাল (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
দ্য ট্রেইলব্লেজার্সের কোষাধ্যক্ষ ও ‘ক্রিয়েটএক্স ২.০’-এর প্রোগ্রাম সেক্রেটারি শোভন সাহা আবির বলেন, জাতীয় পর্যায়ের এ আয়োজন তরুণদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং দক্ষতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন