ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির মৃত্যুতে জাকসুর আয়োজনে দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:১২ পিএম
ওসমান হাদির মৃত্যুতে জাকসুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অগ্রনায়ক শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত এবং শাহাদাতের মর্যাদা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম শরিফ ওসমান বিন হাদির আত্মার শান্তি, মাগফিরাত এবং শহীদ হিসেবে মর্যাদা দানের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরিফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।’

দোয়া মাহফিল শেষে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।