ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২৪ পিএম
বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদক (এজিস) মহিউদ্দিন খান তাদের বিয়ের অনুষ্ঠানেই শহীদ ওসমান হাদির হত্যার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। বিয়ের আসরে যাওয়ার আগে তারা ওসমান হাদির কবর জেয়ারত করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন হাতে তিনটি প্লেকার্ড দেখান, যেখানে লেখা ছিল ‘জাস্টিস ফর হাদি’। এই ছবিগুলি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফরহাদের জীবনসঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। কনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যক্তিজীবনে তুলনামূলকভাবে কম প্রচারিত হলেও, ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয়।

পারিবারিক সূত্র জানা যায়, প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

ফরহাদ রাঙামাটির বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।