দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকায় মোট ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজাসহ অন্যান্য পূজা উপলক্ষে আরও ১০ দিনের বন্ধ থাকবে। তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০২৬ সালের শিক্ষাপঞ্জিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুন। ভর্তি শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্বাদশ শ্রেণি বা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। ওই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে মার্চ মাসের মধ্যেই।

