ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্লোগান দিতে গিয়ে উল্টো শিক্ষার্থীদের বিদ্রুপের মুখে ডাকসুর সাহিত্য সম্পাদক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:২২ এএম
ডাকসুর সাহিত্য সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ‘কুয়াশার গান’ কনসার্টে ডাকসুর সাহিত্য সম্পাদকের দেওয়া স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা গেছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত নয়টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কনসার্ট চলাকালে মঞ্চে উঠে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন, তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে ‘কোটা, কোটা’ বলে চিৎকার করেন। একই সময় আরেকটি অংশকে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলতে শোনা যায়।

একইভাবে তিনি ‘গোলামি না সংস্কার?’ স্লোগান দিলে শিক্ষার্থীরা ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে বিদ্রুপাত্মক ধ্বনি দেন। পরে ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান ‘আমি কে তুমি কে?’ দিলে দর্শকদের একটি অংশ ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে স্লোগান দিতে থাকে।

কনসার্টে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের কিছু বক্তব্য ও অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল। সেই বিরক্তি থেকেই এমন বিদ্রুপাত্মক স্লোগান এসেছে।

‘এক্স ফোর্স প্রেজেন্টস কুয়াশার গান’ শীর্ষক এই সংগীতানুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করে সিটি ব্যাংক। শীতের সন্ধ্যায় হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে কনসার্টটি অনুষ্ঠিত হলেও স্লোগান ও পাল্টা স্লোগানের ঘটনাটি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।