রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি পড়াশোনা করছিলেন। এ সময় আকাশ সরকারের বান্ধবী ফোন করে খোঁজ নিতে বলেন। এরপর তিনি আকাশের কক্ষের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে ঝুলন্ত অবস্থায় আকাশের মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

