শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শাবিপ্রবি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ শ্লোগান দিয়ে তাকে ধাওয়া করলে অধ্যাপক আশরাফ উদ্দিন পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন। এ সময় শিক্ষার্থীরা দোকানের বাইরে জড়ো হয়ে ‘দালাল, দালাল, ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে দোকান থেকে বের করে নিরাপদে চলে যেতে সাহায্য করেন।
অধ্যাপক আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি ক্যাম্পাস থেকে আসার সময় তারা ভুয়া-ভুয়া চিৎকার করছিল। এর মধ্যে একজন আমার সরাসরি ছাত্র, ক্লাসের ছাত্র, শিবিরের লিডার। সে আমার সামনে এসে বলল ‘ভুয়া-ভুয়া’। আমি ভাবছি, এ ধরনের আচরণ কেউ করতে পারে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন