ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোর ও তরুণদের কানে ধরে উঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বমিত্র চাকমার কাছে শোকজ পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শোকজ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান সর্বমিত্র চাকমা। এক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সাইকেল চুরি এবং কেন্দ্রীয় মাঠে মোবাইল, মানিব্যাগ ও সাইকেল হারানোর ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি।
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন দেওয়াল সংস্কার করা হয়নি এবং শারীরিক শিক্ষা ভবনে মদ্যপ অবস্থায় ধরা পড়া কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বহাল রাখা হয়েছে। এসব বিষয়ের ব্যাখ্যা তিনি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাইবেন বলেও জানান।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে এক সারিতে দাঁড় করিয়ে কানে ধরে উঠবস করানো হয়। তাদের বয়স আনুমানিক ১৩ থেকে ২১-২২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।


