ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ঝড়

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৩৯ এএম
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। ছবি : সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হ্যাক হওয়া এক্স (টুইটার) স্ট্যাটাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামি) ইনবক্স মেসেজে ভরে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি, জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হব।

তিনি আরও লেখেন, তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাব। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসব। কে কী বললেন, কেন বললেন, এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।