ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাবিপ্রবিতে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে রণক্ষেত্র, আহত বেড়ে ২০

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৫৯ এএম
শাবিপ্রবিতে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে রণক্ষেত্র। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহতের সংখ্যা বেড়েছে। সহকারী প্রক্টর, একাধিক শিক্ষক এবং দুই বিভাগের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মো. ওমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর পর থেকেই মাঠে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছিল। একপর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে বাংলা বিভাগের দর্শকদের কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হন বলে জানান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া। তিনি বলেন, সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। 

তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে দুটি হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের আচরণ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।