বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. ওয়াসীম মো. মেজবাহুল হককে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ মহাপরিচালক পদায়ন করা হয়েছে। তিনি রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. ওয়াসীম মো. মেজবাহুল হক নিজ বেতন ও বেতনক্রমে পদায়িত থাকবেন। তিনি ঢাকা থেকে প্রেষণে এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি তার নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়াসহ অন্যান্য সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, বীমা ও অন্যান্য তহবিলের চাঁদা নিয়ম অনুযায়ী প্রদান করতে হবে।
আরও বলা হয়, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে পদায়ন করা হলে যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ প্রজ্ঞাপন জারি করেন।

