ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং হুমকির রাজনীতি চলছে। তিনি সতর্ক করে বলেন, এই হুমকির রাজনীতি আর চলবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সব ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীর ওপর যদি ক্ষতি বা হুমকি আসে, আমরা সরাসরি তাদের পাশে দাঁড়াব।
তিনি আরও বলেন, কেউ যদি গণরুম বা গেস্ট রুম কালচার বা অন্য কোনো জোরপূর্বক রাজনৈতিক প্রভাব তৈরি করতে চায়, তা হতে দেওয়া হবে না। এই রাজনীতি শেষ। কেউ মনে করলে ক্ষমতায় উঠে হল দখল করতে পারবে, তা প্রতিহত করা হবে।
ডাকসু ভিপি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ২৪ ঘণ্টায় তিনজন নিহত এবং শতাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় যারা এসেছেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যদি কেউ হত্যা বা সহিংসতা চালায়, রাজপথে প্রতিবাদ করা হবে। বাংলাদেশে হামলা, হুমকি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না। যারা সন্ত্রাস চালিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ নিয়ে ছাত্রশিবিরের এই নেতা বলেন, জাতীয় গণমাধ্যমে হামলার ঘটনা চাপা দেওয়া হচ্ছে, যা নতুন ফ্যাসিবাদের আভাস হিসেবে দেখা যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন