যথাযোগ্য মর্যাদায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সভাপতির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। আরও বক্তব্য দেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আব্দুল্লাহ আল হুমায়ুন এবং ইংরেজি বিভাগের প্রধান মো. রফিউসসান।
এ সময় বক্তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা ভাষা আন্দোলনের গুরুত্ব এবং এর মাধ্যমে অর্জিত বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান ড. আবু বিন ইহসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্টের উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।


