ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেতানিয়াহু মারা গেলে ১০০ কেজি মিষ্টি বিতরণ করবেন রাকসু জিএস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

নেতানিয়াহু মারা গেলে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ১০০ কেজি মিষ্টি বিতরণ করার ঘোষণা দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে আম্মার লেখেন, ‘নিয়াহু মরলে ক্রাউড ফান্ডিং করে ১০০কেজি মিষ্টি বিতরন করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। রমাদান মোবারক।’ 

এদিকে, ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

হামলার পর নেতানিয়াহুর মৃত্যু, অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।

সোমবার (২ মার্চ) নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।

আইআরজিসি আরও দাবি করেছে, ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার যেখানে অবস্থান করছিলেন সেই স্থানও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান বলেছে, তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।