ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীর গোসল করার ভিডিও ধারণের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিউপি) মোসাদিকুর নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সাড়ে তিনটায় হলের পদ্মা ব্লক থেকে তাকে আটক করা হয়।
আটক মোসাদিকুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা।
বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থী জানান, কিছুদিন আগে কেউ হলের এক ছাত্রের গোসল করার ভিডিও ধারণ করে। কিন্তু সেইবার ভিডিও ধারণকারীকে ধরা সম্ভব হয়নি। আজ আরেকজন শিক্ষার্থী গোসল করার সময় একজনকে গোসলের ভিডিও ধারণ করতে দেখা যায়। তবে এইবার ভিডিও ধারণকারীকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরা হয়েছে। তার ফোনে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।
একাত্তর হল সংসদে ভিপি হাসান আল বান্না জানান, আটককৃত ব্যক্তির মোবাইলে শিক্ষার্থীদের গোসলের একাধিক ভিডিও পাওয়া গেছে। সে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করে এবং টিএসসিতে তাদের একটি গ্রুপ রয়েছে। তা ছাড়া তার ফোনে টিএসসিভিত্তিক আড্ডা ও বিভিন্ন অনলাইন গ্রুপের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনাটি শাহবাগ থানায় জানালে পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।


