নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি প্রবেশপথ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সবার জন্য বন্ধ থাকবে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রবেশপথ (শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল) সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উক্ত সময়ে নীলক্ষেত প্রবেশদ্বার ছাড়াও উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ছাড়া অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বিকেল পাঁচটার পর বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময়ের পর বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত সব আয়োজন সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের এ সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন