রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং জীবন আহমেদের প্রাথমিক সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন।
ঘটনাস্থলে উপস্থিত ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক ছবি ধারণ করতে গেলে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রড দিয়ে মারধর করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন