জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ।
জেলা শিক্ষা অফিসের আয়োজনে সম্প্রতি নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি কলেজের প্রতিনিধিদের হাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।
নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। কলেজটির গভর্নিং বডির দিকনির্দেশনা, অধ্যক্ষ ও শিক্ষকদের প্রচেষ্টায় অবকাঠামোগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি চালু, এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ভিত্তিতে বিচারকরা প্রতিষ্ঠানটিকে জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে মনোনীত করেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই অর্জন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। নারী শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা ধরে রাখতে চাই।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা। তাঁদের আশা, চাটখিল মহিলা ডিগ্রি কলেজ ভবিষ্যতে নারী শিক্ষায় দেশের একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন