জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য, তার পিতাকে প্রাণনাশের হুমকি এবং দোকান দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ‘জাতীয় ছাত্রশক্তি’।
মঙ্গলবার (৫ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সেলিম রেজা নিজেকে সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে প্রান্তিক এলাকায় দোকান দখলের চেষ্টা করেন এবং দোকানদারদের ওপর চাপ প্রয়োগ করেন। এ সময় তিনি শহীদ আলিফের পিতা ও অন্যান্য দোকানদারদের সঙ্গে অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক আক্রমণের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, তিনি শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এবং শহীদ পরিবারের প্রতি অমানবিক আচরণ করেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
সংগঠনটি তাদের বিবৃতিতে উল্লেখ করে, একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে এমন আচরণ শুধু অনৈতিক নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং ছাত্রসমাজের মর্যাদার পরিপন্থী। একই সঙ্গে প্রান্তিক এলাকায় দোকান দখল, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৈরির অপচেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।
জাতীয় ছাত্রশক্তি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি শহীদ আলিফের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন