ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে গত তিন দিনে অন্তত ৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বমি, ডায়রিয়া ও পানিবাহিত রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে ভোগা কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হল সংসদের নেত্রীদের দাবি, আক্রান্তদের মধ্যে অন্তত ৬ থেকে ৭ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্যালাইন দিতে হয়েছে।
হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রাফিয়া রেহনুমা জানান, পানির সরবরাহে রাসায়নিক দূষণের কারণে এ পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মতে, হলের পানির ট্যাংক পরিষ্কারের পরপরই শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে।
শনিবার (৯ মে) রাতে তিনি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা কমছে। হল প্রশাসনের উদ্যোগে পানি ও খাবারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট মাহবুবা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, হলের পানির রিজার্ভার পুনরায় পেশাদারভাবে পরিষ্কার করা হয়েছে।
এ ছাড়া, গত ৬ মে অসুস্থতার ঘটনা সামনে আসার পরপরই হলে একটি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয় বলে জানান প্রভোস্ট।
তবে হল সংসদের ভিপি রাফিয়া রেহনুমা অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও মৌলিক রক্ষণাবেক্ষণের বিষয়গুলোতে প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। বিশেষ করে পানির ফিল্টার পরিষ্কার ও স্বাস্থ্যবিধি বজায় রাখার মতো বিষয়গুলোতে নিয়মিত নজরদারির দাবি জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন