বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণে এ সামিটের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি সফলভাবে ‘বিশ্ব মানবসম্পদ দিবস ২০২৬’ উদযাপন করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস এবং স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) সহযোগিতায় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সামিটটি অনুষ্ঠিত হয়।
সামিটে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। আর্থিক, টেলিকম, তথ্যপ্রযুক্তি ও তৈরি পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর (মানবসম্পদ) মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুনিমা হাসান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ) হাবিবা ইয়াছমিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ ও প্রশিক্ষণ) নুসরাত তাবাস্সুম এবং এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশি।
এ ছাড়া দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিল ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম লিমিটেড, ইনডেক্স অ্যাকসেসরিজ লিমিটেড, অ্যাবা গ্রুপ এবং হা-মীম গ্রুপ।
সামিটের সূচনা হয় ফোরাম ফর বাংলাদেশ এইচআর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেনের মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে। পরে অন্যান্য বক্তারা তাদের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের পারস্পরিক সহযোগিতা, বর্তমান সময়ের ধারা, ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং মানবসম্পদ ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শিল্পখাতের মানবসম্পদ বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে করপোরেট জগতের বাস্তব প্রয়োগের ব্যবধান দূর করা। ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ আমাদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতির একটি বড় উদাহরণ। দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বদের সরাসরি ক্যাম্পাসে নিয়ে আসার মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তব জগতের সুযোগের সঙ্গে মিলিত হচ্ছে। এর মাধ্যমে তারা মানবসম্পদের দ্রুত পরিবর্তনশীল পরিমণ্ডলে নেতৃত্ব দিতে ও উদ্ভাবনী ভূমিকা রাখতে প্রস্তুত হয়ে উঠবে।’
উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন দক্ষতার সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা, সঞ্চালনা ও পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের এইচআর সামিট শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা করপোরেট জগতের বর্তমান নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছে।

-20260519124651.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন