× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:০৮ পিএম

জাতীয় সংসদে বুটেক্সের দুই গ্র্যাজুয়েট, বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই প্রাক্তন শিক্ষার্থী সানজিদা ইসলাম ও মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আইটিইটি’র সদ্য বিদায়ী সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন,  প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ), এ.কে.এম মহসিন আহমেদ, হাফিজুর রহমান নিক্সন, মাইনুল ইসলাম পলাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বুটেক্সে অধ্যয়নরত বন্ধুদের মাধ্যমে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে টেক্সটাইল পরিবারের সম্পর্ক রয়েছে। ফলে এ খাতের সঙ্গে তার আত্মিক বন্ধনও দৃঢ়। তিনি বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। এ সময় তিনি নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শেষাংশে তিনি দেশের সার্বিক উন্নয়ন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং টেক্সটাইল খাতের আরও অগ্রগতি কামনা করেন।

সংবর্ধিত অতিথি সানজিদা ইসলাম তুলি বলেন, একুশ বছর আগে তাঁদের সময়ে বুটেক্সে চারটি বিভাগ থাকলেও বর্তমানে তা ১১টি বিভাগে উন্নীত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির প্রতিফলন। তিনি বলেন, আজ সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেলেও এর ভিত্তি রচিত হয়েছিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। দেশের সর্বোচ্চ রপ্তানি খাত পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট এ বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো গবেষণা কেন্দ্র না থাকা দুঃখজনক উল্লেখ করে তিনি একটি টেক্সটাইল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ ছাড়া টেক্সটাইল খাতে প্রকৌশলীদের কর্মসংস্থানের উচ্চ চাহিদার কথা তুলে ধরে বুটেক্সে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যের শেষাংশে তিনি দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধিত অতিথি মাহবুবা হাকিম বলেন, ২০০৬ সালে একজন সাধারণ শিক্ষার্থী ও বিতার্কিক হিসেবে তিনি শেষবার বুটেক্স অডিটোরিয়ামে এসেছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর জনগণের প্রতিনিধি হিসেবে একই মঞ্চে ফিরে আসতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষাজীবন কিংবা পরবর্তী সময়ে তিনি কখনো রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন না। তবে আল্লাহর ইচ্ছায় আজ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘এই এমপি পদ আমার কাছে কোনো সাধারণ পদ নয়, এটি আল্লাহ তায়ালার একটি আমানত।’

তিনি আরও বলেন, ‘আমি নতুন ধারার রাজনীতিতে বিশ্বাসী, যেখানে ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’ নিজের এই অর্জন দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আমার এই অর্জন যদি দেশের মঙ্গল বয়ে আনে, তবে সেই অর্জন আমি আমার বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করতে চাই।’ বক্তব্যের শেষাংশে তিনি দেশের টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং খাতটির টেকসই অগ্রগতির জন্য সরকারের সদয় দৃষ্টি কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী টেক্সটাইল ক্যাডার দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিলে শিক্ষার্থী ও পেশাজীবীরা সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বুটেক্সে একটি টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।

আইটিইটির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন, দেশের টেক্সটাইল খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন পরিচালনা করতে পারছে না। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

আইটিইটির সদ্য বিদায়ী সদস্যসচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আইইবির প্রায় ৮০ হাজার ইঞ্জিনিয়ারের মধ্যে মাত্র দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা গর্বের বিষয়—এবং তারা দুজনই বুটেক্স পরিবারের সদস্য। তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দল-মত নির্বিশেষে সানজিদা ও মাহবুবাকে নিজেদের আপন হিসেবে দেখে। তিনি এমপিদের প্রতি টেক্সটাইল ক্যাডার বাস্তবায়ন এবং সংসদে টেক্সটাইল খাতের বিষয়গুলো আরও জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, জাতীয় সংসদে বুটেক্সের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা জাতীয় সংসদে টেক্সটাইল ক্যাডার প্রতিষ্ঠা এবং টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানের মাঝে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Link copied!