শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ বা কোনো শ্রদ্ধা নিবেদন করেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে দুপুর দেড়টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম। পরে সংবাদ ও ফটোকার্ড প্রকাশের পর দুপুর দেড়টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি নির্ধারণ করে সংগঠনটি।
কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
এর আগে দিবসের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। ভোর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট ও সক্রিয় ছাত্র রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সম্মাননা স্মারক, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোনো পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধা নিবেদন করেনি রাকসু।
পরে তাদের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করলে দুপুর দেড়টায় কর্মসূচি ঘোষণা দেয় রাকসু। ঘোষিত কর্মসূচিতে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বাদ মাগরিব রাকসুর সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল এবং বাদ মাগরিবে একটি আলোচনা সভার আয়োজন করছি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন