বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপেক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় আবেদন করেছিলেন।
এই পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এমনটাই ইঙ্গিত দিয়েছে।
জানা গেছে, চার ধাপের এ পরীক্ষা বিকেল ৫টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষায় ৫৩ হাজার প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরীক্ষা শেষে ফল প্রস্তুতের কাজ শুরু হবে। এরপর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুমোদন স্বাপেক্ষে ফল প্রকাশ করা হবে।
এদিকে আজ শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলো হলো- লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, সরকারি বাংলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
একই দিনে চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন