ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাবি কেন্দ্রে ‘ঢাবির বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৪৯ পিএম
ভর্তি পরীক্ষা সম্পন্ন। ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আঞ্চলিক কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর ৯৭.৫১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের কো-অর্ডিনেটর ও রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক বেলাল হোসাইন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১১,৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১,৫১৩ জন এবং অনুপস্থিত ছিলেন ২৯৪ জন। এ কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭.৫১ শতাংশ।

কো-অর্ডিনেটর ও রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। পাশাপাশি প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রক্সি রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং রাবির ডিন অফিস যৌথভাবে কাজ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকার বাইরে কেন্দ্রগুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১,০৭,৭০১ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।