ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতি।

বাউবির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, আজকের এই আয়োজন তার জন্য কেবল আনুষ্ঠানিক সংবর্ধনা নয়, বরং এটি গভীর ভালোবাসা, আন্তরিকতা ও আত্মিক বন্ধনের এক স্মরণীয় প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন। বিভাগের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, তাদের কাছ থেকেই তিনি মানবিকতা, ইতিহাসচেতনা ও জ্ঞানচর্চার অনুপ্রেরণা পেয়েছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লব শিক্ষাব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। এ বাস্তবতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত বাউবি বর্তমানে দেশ-বিদেশের লাখো শিক্ষার্থীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। প্রযুক্তিনির্ভর অগ্রগতির পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও ইতিহাসবোধের সমন্বয় ঘটানো সময়ের দাবি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি এই সম্মাননাকে ব্যক্তিগত অর্জনের চেয়ে বিভাগের শিক্ষক, সহপাঠী ও অ্যালামনাই পরিবারের সম্মিলিত ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তারা তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক ড. আয়েশা বেগম, অধ্যাপক মঞ্জরুল আলম খান, অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সদরুল আমিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুর রহমান।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।