আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক-কর্মচারীরা যদি দেশের বাইরে ছুটি কাটাতে যেতে চান তাহলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে।
সোমবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা যদি দেশের বাইরে ছুটিতে যেতে চান তাহলে তাদের এনওসি (অনাপত্তি সনদ) প্রয়োজন হবে। সে ক্ষেত্রে নিজ নিজ জেলার নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই এনওসি গ্রহণ করতে হবে। নয় তো তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
নির্বাচন কমিশন সবিচালয় হতে প্রাপ্ত একটি আধা সরকারি পত্রে নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সহিত পূর্বালোচনা ব্যতীত কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি প্রদান যেন না করা হয় অথবা নির্বাচনি দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় এই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, শিক্ষক বা কর্মচারীদের মধ্যে যারা জরুরি প্রয়োজনে চিকিৎসা, ওমরা হজ অথবা অন্য যেকোনো কারণে দেশের বাইরে যাওয়ার জন্য ছুটির জন্য আবেদন করবেন, তাদের আবেদন জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে অবশ্যই অনাপত্তি গ্রহণ করতে হবে।
একইসঙ্গে যথাযথ পর্যায়ে অর্থাৎ অগ্রায়নকারী বা অনুমোদনকারী পর্যায়ে নিষ্পত্তি করতে হবে। উপযুক্ত নির্দেশনার আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, পাসপোর্ট, ভিসা, চাকরিজীবী বা শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণ, বিদেশে উচ্চশিক্ষা, লোন পরিশোধের পর দেনা-পাওনা না থাকার প্রমাণসহ আরও বিভিন্ন কাছে এই এনওসি পত্র ব্যবহার হয়ে থাকে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ফর্মে এ বিষয়ে আবেদন করতে হয়। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (পরিচয়পত্র, চাকরির প্রুফ/অ্যাডমিশন লেটার) জমা দিতে হয়।
আবেদন যাচাই-বাছাইয়ের পর অনাপত্তি সনদটি ইস্যু করা হয়।




