ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষক স্বামী-স্ত্রীর বদলি নিয়ে যা আছে নীতিমালায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩২ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ছবি : সংগৃহীত

সয়ংক্রিয় সফটওয়্যারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি করা হয়েছে। এতে আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা যেকোনো জেলায় অথবা স্বামী, স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। যদি তারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত হন।

জারি করা বদলির সাধারণ শর্তাবলীতে দেখা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা, বিবরণ সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।

আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।

এ ছাড়াও আবেদনকারী শিক্ষক, শিক্ষিকা এ নীতিমালার ৩ দশমিক ৮ (গ) ক্রমিকে বর্ণিত ক্ষেত্রে যেকোন জেলায় অথবা স্বামী, স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন।

নীতিমালার ৩ দশমিক ৮- এ বলা হয়েছে, একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে, উল্লিখিতভাবে অগ্রাধিকার বিবেচনা করতে হবে। প্রথমে নারী তারপর দূরত্ব, স্বামী-স্ত্রীর কর্মস্থল (সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান)। আর সর্বশেষে জ্যেষ্ঠতা বিবেচনা করতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে শিক্ষক, শিক্ষিকারা বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।

একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন। একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে, নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে: নারী, দূরত্ব, স্বামী, স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান)।

একটি পদের জন্য প্রতিযোগি আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব-স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুসরণ করা হবে।

অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে।